সিলেটে ডাকবাক্স ভাঙাচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সিলেট নগরের ডাকবাক্সগুলোর বেশির ভাগই অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এগুলো নিয়মিত না খোলা এবং বেশ কটিতে তালা না থাকায় এর মধ্যে চিঠি ফেলা অনিরাপদ মনে করছেন নগরবাসী। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, নাগরিকদের সুবিধার্থে নগরের গুরুত্বপুর্ণ সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন সময়ে ৭১টি ডাকবাক্স স্থাপিত হয়। এর মধ্যে কয়েকটি ঝুলন্ত ডাকবাক্সও রয়েছে। সাধারণত সকাল আটটা থেকে নয়টা এবং বেলা তিনটা থেকে চারটার মধ্যে এসব ডাকবাক্স খুলে চিঠি নেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।জিন্দাবাজার-বারুতখানা সড়কের এক অংশে একটি ডাকবাক্স রয়েছে। বাক্সটির পাশের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ‘আমি কখনোই এই বাক্সটি খুলতে দেখিনি। দেখেন না, তালায় কেমন ঝঙ্কার পড়েছে।’সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ডাকবাক্স ভাঙাচোরা। কোনোটির তালা খোলা। কোনোটিতে তালাই নেই। কিছু কিছু বাক্সে পোস্টার সাঁটিয়ে চিঠি ফেলার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি ডাকবাক্সকে খুঁটির মতো ব্যবহার করে এর আশপাশে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান গড়েছেন। ফলে বাক্সগুলো মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে। একটানা চার দিন ডাকবাক্সগুলো খোলার সময়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট কয়েকটি ডাকবাক্স ছাড়া কোনো বাক্স খোলা হয় না। নগরের বন্দরবাজার-জিন্দাবাজার সড়কের সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডাকবাক্স রয়েছে। এখানে কথা হয় বিদ্যালয়পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক হাসনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকাল-বিকেল বাচ্চাকে বিদ্যালয়ে দিই-নিই। কিন্তু কাউকে কোনো দিন এ বাক্সে চিঠি ফেলতে দেখিনি। আর দেখবই বা কীভাবে? খুদে ব্যবসায়ীরা যেভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন, এতে করে তো বাক্সটি কারও চোখেই পড়ে না।’মীরাবাজার-যতরপুর সড়কের ঠিক সংযোগস্থলে অবস্থিত ডাকবাক্সটির পাশের দোকানের এক কর্মচারী জানান, দীর্ঘদিন ধরে তালাহীন ও ভাঙাচোরা অবস্থায় ডাকবাক্সটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। এটি দেখার যেন কেউ নেই।সুরমা পয়েন্টের কোর্ট এলাকার পশ্চিম দিকে একটি ডাকবাক্স কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানালেন এটির পাশের এক পানের দোকানি। তিনি জানান, বাক্সটি ভাঙাচোরা। তাই কয়েক বছর ধরে অব্যবহূত অবস্থায় রয়েছে। কেউ এ বাক্সে চিঠি ফেলেন না। অনেকে পান খেয়ে আঙুলের চুন এই বাক্সে মুছে যান।এ ব্যাপারে সিলেট ডাক বিভাগের সহকারী পোস্টমাস্টার জেনারেল ও পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, পাঁচ-সাতটা ডাকবাক্স ছাড়া নগরের অপর ডাকবাক্সগুলো ভালো রয়েছে। এগুলো নিয়মিত খোলা হয় এবং সেখানে নগরবাসীর ফেলানো চিঠিগুলো সঠিক সময়ের মধ্যে বিলি করা হয়। যেসব ডাকবাক্স ভেঙে গেছে, সেগুলো শিগগিরই সংস্কার করা হবে। যেসব বাক্স ভাঙা অবস্থায় রয়েছে, সেগুলো সংস্কারের সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পোস্টমাস্টার জানিয়েছেন। গত কয়েক দিন একনাগাড়ে প্রথম আলোর পক্ষ থেকে সরেজমিনে খোঁজ নিয়ে ডাকবাক্সগুলো নিয়মিতভাবে খোলা না হওয়ার চিত্র পাওয়া গেছে—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। কারণ, ডাক বিভাগের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, বাক্সগুলো সকাল-বিকেল দুই বেলা নিয়মিত খোলার জন্য। নিয়মানুযায়ী তিনি দায়িত্ব পালন করছেন বলেই জানি। তবু খোঁজ নিয়ে দেখা হবে।’