সিলেটে ডিসির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হয়েছে। সিলেট জেলা বারের আইনজীবী অসিত ভট্টাচার্য গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। সিলেটে চলমান ‘গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন’ সম্পর্কে গত ৩০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে তাঁর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়। মামলায় উল্লেখ করা হয়, জেলা প্রশাসক ওই টিভির সংবাদে গোপালটিলা দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলনকারীদের সম্পর্কে এই মর্মে বক্তব্য দেন যে, ‘ওরাই জড়িত। আজকে যারা মানববন্ধন করতেছে ওরাও জড়িত। আমার কাছে খবর আছে এগুলো। যারা সুবিধা পায় তাঁরা চুপ থাকে, যাঁরা সুবিধা পায় না তারা চিল্লাচিল্লি করে।’ মামলার বাদী প্রথম আলোকে বলেন, এ বক্তব্যে গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন সিলেটের নেতাদের চরম মানহানি হয়েছে। এ জন্য ফৌজদারি আইনের ৫০০ ধারায় এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। যোগাযোগ করলে জেলা প্রশাসক বলেন, তিনি মামলার ব্যাপারে অবহিত নন বলে কোনো মন্তব্য করবেন না।সিলেটের গোপালটিলায় দেবোত্তর আখড়ার সম্পত্তিতে প্লট-বাণিজ্যের প্রতিবাদে আন্দোলন করে আসছে ‘গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন’ নামে একটি মোর্চা। মামলার বাদী অসিত ভট্টাচার্য ওই কমিটির যুগ্ম আহ্বায়ক।