সিলেটে ঢিলেঢালা হরতাল, ভাঙচুর
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এ সময় কয়েকটি ট্রাক, অটোরিকশা ও দক্ষিণ সুরমায় লাশবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ হরতালের ডাক দেয়। হরতালে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোও সমর্থন দেয়। হরতালের শুরুতে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে পিকেটাররা তিনটি ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় শিবগঞ্জ থেকে এক পিকেটারকে আটক করে পুলিশ।
হরতাল চলাকালে দক্ষিণ সুরমায় লাশবাহী অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। সকাল সাড়ে সাতটায় সিলেট-মৌলভীবাজার মহাসড়কের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ সুরমার খালোমুখ বাজার এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে ছুয়াব আলীর (৩০) লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অটোরিকশায় করে বাড়িতে নেওয়া হচ্ছিল। পথে লালমাটিয়া এলাকায় পিকেটাররা অটোরিকশা থেকে লাশটি মাটিতে নামিয়ে গাড়িটি ভাঙচুর করে। পরে দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো গাড়ি না পেয়ে ঠেলাগাড়িতে করে লাশটি নিয়ে ফেরেন ছুয়াব আলীর স্বজনেরা।
ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁর সন্ধানের দাবিতে প্রায় এক বছর ধরে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে আসছে।