সিলেটে তরুণ ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাসা থেকে ডেকে নিয়ে প্রকৌশলী ও ব্যবসায়ী মেহেরান সিদ্দিকী সজীবকে (২৬) কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে। গতকাল রোববার রাতে সিলেট নগরের শিবগঞ্জ খরাদিপাড়ায় এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, নগরের শিবগঞ্জ খরাদিপাড়ায় তাঁদের চারতলা বাসার নিচে ‘রেইনবক্স’ নামে তাঁদের একটি ধোলাই কারখানা ছিল। কারখানার কার্যালয়ে বসতেন মেহেরান সিদ্দিকী। গতকাল রাত সাড়ে সাতটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন যুবক তাঁকে বাসা (১২১ বৈশাখী খরাদিপাড়া) থেকে ডেকে নেন। এরপর কারখানার কার্যালয়ে নিয়ে যান তাঁরা। এর প্রায় ঘণ্টা খানেক পর প্রতিবেশীরা কারখানার সামনে থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টায় মেহেরান সিদ্দিকী মারা যান। হত্যার কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা জানান, মেহেরান সিদ্দিকী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বিদেশ থেকে অর্কিড প্রকৌশলী হিসেবে উচ্চতর ডিগ্রি নিয়ে সিলেটে একটি প্রকৌশল ফার্ম খোলার প্রস্তুতি নেন। পাশাপাশি বাসার সামনে বাবার ব্যবসাপ্রতিষ্ঠান রেইনবক্সের কার্যালয়ে বসতেন। সেখানে রাজনৈতিক কিছু তরুণের প্রতিদিনই আড্ডা হতো দেখে সজীব গত শনিবার এ ব্যাপারে কঠোর হন। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে আড্ডা দেওয়া নিষেধ করেছিলেন। এ কারণে তিনি খুন হতে পারেন বলে তাঁর পরিবার ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হাসপাতালের মর্গে ছেলের লাশের পাশে থাকা আবদুল্লাহ সিদ্দিকী হত্যার কারণ এটি হতে পারে বলে সাংবাদিকদের জানান। মেহেরান সিদ্দিকীর মরদেহের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, তাঁর ঊরুতে ধারালো অস্ত্রের কোপ ও নাভির কাছে ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। এতে ধারণা করা হয়, দুর্বৃত্তরা খুন করার পরিকল্পনা নিয়ে তাঁর ওপর হামলা করে। হামলাকারী শনাক্ত করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে বলে ওসি জানান।