সিলেটে তাবলিগের ইব্রাহিম হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড বহাল
সিলেটে নিজ বাড়িতে প্রায় সাত বছর আগে খুন হওয়া তাবলিগ জামাতের স্থানীয় আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় তাঁর স্ত্রী ফাতিহা মাশকুরাকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী টাইটাস হিল্লোল রেমা।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রথম আলোকে বলেন, শোবার কক্ষে ঘুমন্ত অবস্থায় প্রথমে খলিলের মাথায় লোহার পাত দিয়ে আসামি ফাতিহা মাশকুরা আঘাত করেন। পরে খলিল জেগে উঠে ছটফট শুরু করলে আসামি দড়ি দিয়ে তাঁর স্বামীর দুই হাত বেঁধে ছুরি দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করেন। রক্তক্ষরণে খলিল কিছুটা নিস্তেজ হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি চালান বলে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এসেছে। জবানবন্দিসহ আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
ফাতিহার আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
ইব্রাহিম আবু খলিল তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন। সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোবার ঘর থেকে ২০১৫ সালের ১৮ মে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তখন ওই বাড়ি থেকে খলিলের স্ত্রী ফাতিহাকে আটক করা হয়। তিনি খলিলের প্রথম স্ত্রী। খলিলকে হত্যা করেছেন বলে পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতিহা। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ মে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ২০১৬ সালের ৬ জুন সিলেটের আদালত রায় দেন।
রায়ে খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ওই বছরই ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে ফাতিহা জেল আপিল ও নিয়মিত ফৌজদারি আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।