সিলেটে তারেককে প্রার্থী চায় বিএনপির একাংশ
জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান সিলেটের জামাতা তারেক রহমানকে প্রার্থী চায় বিএনপির একাংশ।
নগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে বিএনপির একটি অংশ, অঙ্গসংগঠন ও পেশাজীবী নেতাদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার সিলেট নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাঁরা তারেকের প্রার্থিতা চান। সিলেট-১ আসনে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত রোববার সিলেট সফরকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এবারও প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করলে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী কে হবেন—এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা। ওই সূত্র ধরেই সংবাদ সম্মেলনের আয়োজন বলে জানান নগর বিএনপির সহসভাপতি বদরুজ্জামান সেলিম।
জাতীয়তাবাদী মহানগর মুক্তিযোদ্ধা দলের মহানগর কমিটির আহ্বায়ক সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজেদুল করিম, আখতারুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ বক্তব্য দেন। সালেহ আহমদ খসরু জানান, অচিরেই বড় পরিসরে বৈঠক করে ‘তারেক রহমান প্রার্থিতা সমন্বয় পরিষদ সিলেট-১’ গঠন করা হবে।