সিলেটে তাহের হত্যা মামলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাস সিবিএ সভাপতি আবু তাহের হত্যা মামলা গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন সিলেট নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী। আবদুল আউয়াল চৌধুরী জানান, গত মঙ্গলবার সকালে মামলাটি তিনি কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে বুঝে নিয়েছেন। হত্যার ঘটনার চার দিনের মাথায় গত রোববার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানায় নিহত তাহেরের মেয়ে আফরোজা আক্তার জাহান বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, মামলা দায়েরের পর তিনি তদন্ত করছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১০ জুন জালালাবাদ গ্যাসের জ্যেষ্ঠ টেকনিশিয়ান পদে কর্মরত ও জালালাবাদ গ্যাস সিবিএ সভাপতি আবু তাহের অফিসে যাওয়ার পথে নগরের ঝরনারপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হন। সিবিএর সভা: কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় জালালাবাদ গ্যাস সিবিএ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বুধবার বিকেলে নগরের তালতলা এলাকায় এক সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক, নগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, জালালাবাদ গ্যাস সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী সোম ও মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।