সিলেটে তিন আবাসন প্রকল্পের ব্যবসা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র না থাকা ও জলাশয় ভরাট করে বেআইনিভাবে আবাসন ব্যবসা করায় সিলেটের তিনটি বড় আবাসন প্রকল্পকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাদের ব্যবসা অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা ছিলেন।এই তিন আবাসন প্রকল্প হচ্ছে রূপসী বাংলা আবাসিক প্রকল্প, (দক্ষিণ সুরমা), আল-বারাকা আবাসন প্রকল্প, (বাইপাস রোড) এবং রয়েল সিটি আবাসিক প্রকল্প (লালমাটিয়া, পাইরারচক)। রূপসী বাংলা আবাসন প্রকল্পকে ৮ দশমিক ৭০ লাখ টাকা, আল-বারাকা হাউজিংকে ১০ দশমিক ৮৮ লাখ টাকা এবং রয়েল সিটি প্রকল্পকে ১৪ দশমিক ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। আজ রোববারের মধ্যে দণ্ডিত প্রতিষ্ঠানগুলোকে এ অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়, এ তিনটি প্রকল্পে আনুমানিক ৭৯ একর জলাভূমি, খাল ও বিল দখল এবং অবৈধভাবে ভরাট করা হয়েছে। ফলে ওই এলাকায় বৃষ্টির পানির ধারণক্ষমতা অবরুদ্ধ, বর্ষার পানি চলাচল বন্ধ, মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি, কৃষি উৎপাদন বিঘ্নিত এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। ওই তিনটি আবাসিক প্রকল্পের কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমতিপত্র নেওয়া হয়নি। অভিযানকালে এই তিনটি অবৈধ প্রকল্প থেকে চারটি বুলডোজার ও এস্কেভেটর, ৬৫ বস্তা সিমেন্ট ও ৮০০ কেজি রড জব্দ করা হয় এবং আবাসন প্রকল্পের সব কাজ বন্ধ করে দেওয়া হয়।এ ছাড়া এসব বেআইনি আবাসন প্রকল্পকে ব্যাংকের ঋণ প্রদান এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য যথাক্রমে বাংলাদেশ ব্যাংক, জালালাবাদ গ্যাস ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিকে বলা হয়েছে।মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে জানান, সিলেটে প্রথমবারের মতো পরিচালিত এ অভিযান দুই দিন ধরে চলবে। আজ রোববার বিভিন্ন কারখানা ও টিলা কেটে স্থাপনা তৈরির অভিযুক্ত এলাকায় অভিযান চলবে।এদিকে রয়েল সিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী পরিবেশ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের অভিযানে জরিমানা ও প্রকল্প ব্যবসা অবৈধ ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেন। রাতে এক প্রতিক্রিয়ায় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করেছে। এ ছাড়া বিভিন্ন জলাশয় ভরাটের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এই অবস্থায় এ ধরনের অভিযান চালানো ও জরিমানা করার বিষয়টি রীতিমতো অবিচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।