সিলেটে তিন দিনব্যাপী গাইড ক্যাম্প উদ্বোধন
‘সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা নারী-পুরুষ সকলেই একে অন্যের ওপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতার ফলে আমাদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। কিন্তু কিছু বিভক্তি আমাদের নারী সমাজকে পেছনে রেখে দিচ্ছে। তাই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গার্ল গাইডস আন্দোলনের বিকল্প নেই। গার্ল গাইডসের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ও শক্তিকে আরও বাড়িয়ে তোলা সম্ভব।’
সিলেটে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইড ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে তিন দিনব্যাপী এই জেলা গাইড ক্যাম্প।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সিলেট অঞ্চলের আঞ্চলিক সচিব কামরুন নাহার শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহানা জাফরিন।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরে মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী ডিগ্রি কলেজ, জৈন্তাপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। আজ শনিবার মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হবে।