সিলেটে তিনটিতে আ.লীগের প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিনটি পৌরসভাতেই মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা গত রোববার রাতে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভার প্রার্থী চূড়ান্ত করেছেন।
মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা খলিল উদ্দিন ও কানাইঘাটে বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান।
দলীয় সূত্র জানায়, ওই তিন মেয়র প্রার্থীকে বাছাই করতে মনোনয়ন বোর্ডের তিনটি পৃথক দল রোববার সংশ্লিষ্ট তিনটি পৌর এলাকা ঘুরে এসে রাতে বৈঠক করে। গোলাপগঞ্জে দলীয় মনোনয়ন চেয়ে একজন আবেদন করেন। বাকি দুই পৌরসভায় একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্য থেকে বাছাই করার পর সিলেট নগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের উপস্থিতিতে তিনজনের নাম ঘোষণা করা হয়।
মিসবাহউদ্দিন সিরাজ গতকাল সোমবার বলেন, বাছাই করা তিনটি নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত ঘোষণার পরপরই তাঁরা মনোনয়নপত্র জমা দেবেন।