সিলেটে দিনদুপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার কামাল আহমদের গাড়ি আটকে সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, কামাল আহমদ বেলা একটার দিকে নগরের নয়াসড়ক এলাকার একটি ব্যাংক থেকে নয় লাখ টাকা তুলে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। মানিকপীর কবরস্থানের সামনে চারটি মোটরসাইকেলে আটজন ছিনতাইকারী তাঁর গাড়ির গতিরোধ করে। এক ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। আরেকজন গাড়িতে রাখা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কামাল জানান, ব্যাংক থেকে তোলা নয় লাখ টাকা ব্যাগে কয়েকটি ভাগে রাখা ছিল। সেখান থেকে সাড়ে আট লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক সিলেট কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক ছিনতাইকারীর ফেলে যাওয়া এক পাটি জুতা উদ্ধার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশের দুটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। গতিপথ চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।