সিলেটে দিনভর ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই মানুষজন বাসা থেকে খুব একটা বেরোতে পারেনি। এ অবস্থায় ঈদের বাজারে ক্রেতাদের উপস্থিতি কম ছিল। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে এলে বিপণিবিতানগুলোয় ক্রেতাদের ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, কয়েক দিন ধরে নগরের নয়াসড়ক, কুমারপাড়া, বারুতখানা, জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকা ঘিরে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। তবে বৃষ্টির কারণে গতকাল সে চিত্র পাল্টে যায়।
বারুতখানা এলাকার ‘নাইওরি’ কাপড়ের দোকানের স্বত্বাধিকারী রাহুল আহমদ বলেন, বৃষ্টির প্রভাব ঈদবাজারে পড়েছে। টানা কয়েক দিন ব্যবসা জমজমাট হয়েছে। তবে আজ বৃষ্টি শুরু হওয়ায় বেচাকেনায় ভাটা পড়েছে। নয়াসড়ক এলাকার এক কাপড়ের ব্যবসায়ী জানান, আগের দিন প্রায় আড়াই লাখ টাকা বিক্রি করেছেন। তবে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর বিক্রি মাত্র ১৬ হাজার টাকা।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবারই ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে। তবে আজকের (গতকাল) বৃষ্টিতে এতে কিছুটা ভাটা পড়েছে।