
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল রোববার সকাল থেকে অপেক্ষায় ছিলেন আকরাম উদ্দিন। স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য নিয়ে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে আসেন তিনি। গতকাল সকালে হোটেল ছাড়ার পর বিপাকে পড়েন। বাধ্য হয়ে বাস টার্মিনালে পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয় তাঁকে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে গতকাল দিনভর সিলেট থেকে বিভিন্ন জেলার উদ্দেশে কোনো বাস না ছাড়ায় আকরাম উদ্দিনের মতো দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। দুপুরে কদমতলী এলাকা থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি বাস ছাড়ার প্রস্তুতি নিলেও ধর্মঘটকারীরা বাধা দেন। ধর্মঘটের সমর্থনে বাস টার্মিনাল এলাকায় লাঠিমিছিল বের করেন শ্রমিকেরা। আর অটোরিকশাচালকেরা ধর্মঘটের সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেছেন বলে অভিযোগ করেছেন অনেকে।
বাসযাত্রীদের দিনভর ভোগান্তির অবসান হয় সন্ধ্যার পর। জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের বৈঠকের পর আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাস ধর্মঘট স্থগিত করা হয়। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ধর্মঘট আহ্বানকারীদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক পরিবহন ধর্মঘট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন আহমেদ বলেন, পাঁচ দফা দাবি মানার শর্তে ৫ নভেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্য দাবি পূরণ না হলে সিলেট বিভাগে ধর্মঘট ডাকা হবে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, সিলেট-তামাবিল মহাসড়ক সংস্কার, মহাসড়কে পুলিশি হয়রানি, ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল।
এর আগে শনিবার দুপুরে ও সন্ধ্যায় কদমতলী এলাকায় অটোরিকশাচালক ও শ্রমিকদের সঙ্গে বাসচালক ও শ্রমিকদের সংঘর্ষ হয়। এরপর পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আহ্বান করা হয়।
এদিকে শনিবার দুপুরে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা অটোটেম্পো ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশা ও বাসশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় কদমতলী ও চণ্ডীপুল এলাকায় দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু্ই পক্ষের শ্রমিকেরা ২০-২৫টি বাস ও ১৫টি অটোরিকশা ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় তিনটি সিএনজিচালিত অটোরিকশা। সংঘর্ষের সময় অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় গতকাল পুলিশের পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।