সিলেটে দিনারের সন্ধান দাবিতে পরিবারের অবস্থান কর্মসূচি
ছোট্ট শিশুসন্তানের হাতে প্ল্যাকার্ড—‘আমার বাবাকে ফিরে চাই’। পারিবারিক সম্পর্কের সম্বোধনে একইভাবে মা, বাবা, ভাইবোনসহ পারিবারিক আত্মীয়দের হাতে ‘ফিরে চাই...’ প্ল্যাকার্ড, পোস্টার আর ব্যানার নিয়ে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করেন সিলেটে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ইফতেখার হোসেন ওরফে দিনারের পরিবারের সদস্যরা।গতকাল তাঁর ‘নিখোঁজ’ থাকার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো সন্ধান না পাওয়ায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালিত হয়। সিলেট মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ সিলেটে বিএনপিবিভক্ত রাজনীতির মধ্যে ইলিয়াস অনুসারী ছিলেন। গত ২২ মার্চ সিলেট নগরের শাহজালাল উপশহরে মাহমুদ হোসেন শওকত নামে ছাত্রদলের একজন কর্মী খুন হন। শওকত ছাত্রদলে দিনারপক্ষের কর্মী ছিলেন। এ ঘটনায় দিনারকে আসামি করে থানায় হত্যা মামলা হয়। এ মামলার পর ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতায় দিনার অনেকটা আড়াল হয়ে চলাফেরা করছিলেন। ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে দিনার তাঁর এক বন্ধুসহ ‘নিখোঁজ’ হন। দিনারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে দাবি করে বিএনপির নেতা এম ইলিয়াস আলী ৪ এপ্রিল সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন। গতকাল পর্যন্ত দিনার ২৫ দিন ধরে ‘নিখোঁজ’ থাকায় পরিবারের সদস্যরা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে পরিবারের পক্ষ থেকে দিনারের বাবা মঈনউদ্দিন আহমদ, মা গওহর পারভিন, দিনারের শ্বশুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, শাশুড়ি খুশনুর গফফার, দিনারের স্ত্রী প্রিন্সিলা পারভিন, মেয়ে মায়িশা, ছেলে রাইয়ান, দিনারের ছোট ভাই ইসফাক আহমদ, বোন তাহসিন শারমিনসহ আত্মীয়স্বজনেরা তাঁদের আবেগ-অনুভূতির কথা ব্যক্ত করেন। দিনারের সন্ধান না পেলে তাঁরা আমরণ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। দিনারের পারিবারিক কর্মসূচির সঙ্গে একাত্ম হন জেলা ও মহানগর বিএনপির নেতারা। এ সময় এক প্রতিবাদ সভায় নগর বিএনপির সহসভাপতি নাসিম হোসাইন, তারেক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগরের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী বক্তব্য দেন।