সিলেটে দীঘি থেকে দুই কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কাজীটুলা দীঘি থেকে গতকাল বুধবার জসিম আহমদ মামুন (১২) ও সবুজ মিয়া (১১) নামের দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বাড়ি নগরের বাদামবাগিচা এলাকায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দুজনের মৃত্যু রহস্যজনক বলে অভিহিত করা হলেও পুলিশ বলছে, দীঘিতে গোসল করতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, মামুন ও সবুজ বন্ধু ছিল। গত মঙ্গলবার বিকেলে মামুনকে বাসা থেকে ডেকে নেয় সবুজ। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। কাজীটুলা দীঘিতে গতকাল সকালে মামুনের এবং দুপুরে সবুজের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।মামুনের মা অনুফা বেগম প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে দুজনের মৃত্যু হওয়ার বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে দুই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।’ সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে দেখবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।