সিলেটে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার পীরেরবাজার এলাকায় গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংষর্ষে ১৫ জন আহত হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে একটি তুচ্ছ বিষয় নিয়ে পীরেরবাজার এলাকার মেডিকেল কর্নারের স্বত্বাধিকারী জিয়াউল হক ও খাদিমপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজউদ্দিনের ভাই রিয়াজ মিয়ার কথাকাটাকাটি হয়। এর জের দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রিয়াজ মিয়া একটি ইট নিয়ে জিয়াউল হকের মাথায় আঘাত করেন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এর জের ধরে দুপুর সোয়া একটার দিকে সিরাজউদ্দিনের পক্ষে তেলিপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পীরেরবাজার এলাকায় জিয়াউলের মেডিকেল কর্নারে ভাঙচুর চালায়। এ সময় পীরেরবাজার এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে ইয়াসিন রেজা (২৫), ইউনুস আলী (২০), শেখ মুছব্বির (৪২), সামাদ মিয়া (২৩), বাবলু মিয়া (২৫), আসুক মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত জিয়াউল হকের ছেলে আজিজুর রেজা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। ইউপি সদস্য সিরাজউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার বলেন, ‘পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। তবে কোনো পক্ষই মামলা করেনি।’