সিলেটে দুই দিনব্যাপী শিক্ষামেলার সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষামেলা শেষ হয়েছে। গতকাল বুধবার সমাপনী দিনে শিক্ষার্থীদের পদচারণে মেলায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।গত মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম এ মেলার উদ্বোধন করেন। মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সিলেটের ১৩টি উপজেলার সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অংশ নেয়। মেলা উপলক্ষে গোয়াইনঘাট উচ্চবিদ্যালয়ের মাঠে একটি বড় প্যান্ডেলে ১৫টি স্টল বসানো হয়। প্রথম দিনে সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী মেলা ঘুরে দেখে। গতকাল মেলার সমাপনী দিনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শুরুর আগে বিচিত্র শিক্ষামূলক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। তিনি সেরা স্টল ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, ‘শিক্ষার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ মেলার আয়োজক ও সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী বলেন, শতভাগ ভর্তি নিশ্চিত করতে এ মেলা ভূমিকা রাখবে।মেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, জেলা শিশু সংগঠক মাহবুবুজ্জামান, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী ।