সিলেটে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট শহরতলির কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় আজ বুধবার বেলা একটার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক, বাসচালক ও শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বাসচালক ও শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বাসচালক ও শ্রমিকেরা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কুমারগাঁও বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকের কথা–কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা একত্র হয়ে যাত্রীকে মারধর করেন। এতে বাস টার্মিনালের বাসচালক ও শ্রমিকেরা যাত্রীর পক্ষ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিবহনশ্রমিকদের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এদিকে সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে মারধরের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে বাস টার্মিনালে হামলা চালান তাঁরা। স্থানীয় কিছু বাসিন্দারা সিএনজিচালিত অটোরিকশাচালকের পক্ষ নিয়ে হামলায় অংশ নেন। হামলায় ১০-১২টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি করেছেন বাসচালক ও শ্রমিকেরা।

এ ঘটনায় বাসচালক ও শ্রমিকেরা জড়িত সিএনজিচালিত অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দাদের গ্রেপ্তারের দাবিতে দুপুর ১২টার দিক থেকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের শান্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা হয়নি। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে।