সিলেটে দুই পক্ষের হামলায় আহত ছাত্রদল কর্মীর মৃত্যু, ভাঙচুর
সিলেটের শাহজালাল উপশহরে ২২ জুলাই সংগঠনের দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদলের কর্মী সৌরভ আহমদ গতকাল বুধবার সকালে নগরের মিরের ময়দান এলাকার একটি হাসপাতালে মারা গেছেন। সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগঠনটির এক পক্ষের নেতা-কর্মীরা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা আশপাশের কয়েকটি দোকানও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই রাতে সৌরভকে (১৮) কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। পরের দিন ভোরে তাঁকে ঢাকা থেকে সিলেটে ফিরিয়ে এনে মিরের ময়দানের ‘এলাইট ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানেও তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। গতকাল সকালে চিকিৎসকেরা তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন। দলীয় সূত্রে জানা গেছে, সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অনুসারী একদল ছাত্রদলের কর্মী উপশহর এলাকায় ইফতেখার আহমদের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালান। ইফতেখার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারী বলে পরিচিত। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেছেন, সৌরভের মৃত্যুর জন্য এম ইলিয়াস আলীর অনুসারী পক্ষই দায়ী। তবে ইলিয়াস আলীর অনুসারী মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ মারধরের ঘটনা ঘটেছিল। এখন বিষয়টিকে দলীয়করণ করা হচ্ছে।’