সিলেটে দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন
সিলেটে দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নাজির আহমেদ গত বৃহস্পতিবার এ রায় দেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকার নাসির আহমদ (২৫) ও দক্ষিণ খোজারখেলা এলাকার মো. আসাদ (৩৩)। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নাসির আহমদ পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ খোজারখেলা এলাকায় ২০০৬ সালের ৮ আগস্ট রাত সোয়া নয়টায় র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ নাসির ও আসাদকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ওই দিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় একটি মাদক মামলা দায়ের করে র্যাব। ওই বছরের ২৭ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার আটজন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।