সিলেটে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকার বড়বাড়ি মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। একই দিন সদর উপজেলার টুকেরবাজারের নোয়াগাঁও এলাকার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া, চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একটি মন্দির ভস্মীভূত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোররাত চারটার দিকে বড়বাড়ি মন্দিরের ভেতরে ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন জেগে ওঠে। এ সময় মন্দিরে গিয়ে তারা একটি প্রতিমা ভাঙচুর ও আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পায়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ আরও জানায়, একই দিন রাত একটার দিকে নোয়াগাঁও এলাকার একটি মন্দিরে চুরি সংঘটিত হয়। ঘটনার পর জালালাবাদ থানার পুলিশ মন্দিরটি পরিদর্শন করে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, মন্দিরের কিছু সরঞ্জাম ও তৈজসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মন্দির দুটিতে হামলা ও চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব। তিনি বলেন, ‘দুর্বৃত্ত ও চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ দল তৎপরতা চালাচ্ছে।’
এদিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা এলাকায় সৎধর্ম বিদর্শন ভাবনা কেন্দ্র নামের একটি মন্দিরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রতিমাসহ পুরো মন্দির ভস্মীভূত হয়। এ ঘটনায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকলবাহিনী সূত্রে জানা গেছে।
মন্দির পরিচালনা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বুধবার রাত আটটার দিকে মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পটিয়া দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভালেও এর আগেই মন্দিরটি পুড়ে ছাই হয়।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের নবনির্বাচিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, চন্দনাইশের পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব মন্দিরটি পরিদর্শন করেছেন।