সিলেটে দুটি হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুটি হত্যা মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল-ইসলাম দক্ষিণ সুরমায় নজরুল ইসলাম হত্যা মামলায় ছয়জনকে এবং সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. নজির আহমেদ স্ত্রী হত্যা মামলায় স্বামী আবুল হাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। নজরুল হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছয়জন হচ্ছেন—সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাগাঁওয়ের সালাহউদ্দিন ওরফে সালেক, জসিমউদ্দিন, রানা মিয়া, সেলিম মিয়া, বাবুল হোসেন ও বাদল আহমদ। মামলায় ১৫ জন আসামির মধ্যে নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা কারাগারে আছেন। ২০০৮ সালের ১২ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল ইসলাম খুন হন। নজরুলের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আবুল হাশেম ওরফে হাশেম। মামলার বিবরণ থেকে জানা যায়, সিলেটের ওসমানীনগর থানার তাজপুরে হাশেম সস্ত্রীক বসবাস করতেন। ২০০২ সালের ১ আগস্ট পারিবারিক কলহের জের ধরে হাশেম কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর স্ত্রী দিলওয়ারা বেগমকে খুন করেন। এ ঘটনায় দিলওয়ারার বাবা মধু মিয়া বাদী হয়ে হাশেমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।