সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলা, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ঘুষের টাকাসহ এক কর্মচারীকে হাতেনাতে ধরতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার এ কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাফায়েত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে একজন অতিরিক্ত কমিশনারকে কমিটির প্রধান করার কথা জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিলেটের উপপুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) একজন প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক, দুদকের একজন প্রতিনিধি এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। চিঠিতে বলা হয়, কমিটি সবার বক্তব্য শুনে সাত কর্মদিবসের মধ্যে ঘটনা সম্পর্কে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন ও তাদের মতামত দেবে। পরে বিভাগীয় কমিশনার ওই প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবেন।
সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনের জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মো. রাহাত আনোয়ার। রাহাত আনোয়ারকে ৭ ফেব্রুয়ারি সিলেটের ডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।
সিলেট ডিসি অফিসের যে কর্মচারীকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করতে গিয়ে দুদকের দল হামলার শিকার হয়, সেই আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখায় আজিজুর রহমান নামের একজন কর্মচারীকে ঘুষের টাকাসহ ধরতে গিয়ে উল্টো মারধরের শিকার হয় দুদকের সিলেট কার্যালয়ের একটি দল। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা দুদকের উপসহকারী পরিচালক ও কনস্টেবলকে মারধর করে অবরুদ্ধ করে রাখেন।
সেখানে হামলায় আহত হন দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর, রণজিৎ কুমার কর্মকার ও কনস্টেবল মিসবাহ উদ্দিন। ওই দিন বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকাসহ দুদক আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে আজিজুরকে নিয়ে যাওয়ার সময় কর্মচারীরা দুদকের সবাইকে জিম্মি করে রাখেন। একপর্যায়ে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে রাখেন। এ অবস্থায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে দুদক দলের বৈঠক চলাকালে কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা আজিজুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে হাতাহাতি থেকে মারধর শুরু হয়। কাঠের রোলার দিয়ে দুদকের কনস্টেবল মিসবাহের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ ও রণজিৎ​।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগর পুলিশের একটি দল দুদকের দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপদে নিয়ে যায়।
এর মধ্যে রণজিৎ গত ১১ ডিসেম্বর জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। অপরজন ওয়াহিদ মঞ্জুর ২১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও আসিফ বিন ইকরামের বিরুদ্ধে দুদক আইনে করা মামলার বাদী। দুদক সূত্র দাবি করছে, ডিসিকে নোটিশ ও সাবেক ইউএনওর বিরুদ্ধে মামলা করার ক্ষোভে ডিসি অফিসের কর্মচারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।