সিলেটে দুর্যোগ মোকাবিলায় ২৩০০ স্বেচ্ছাসেবক
দুর্যোগ মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনের ২৭ ওয়ার্ডে দুই হাজার ৩০০ স্বেচ্ছাসেবক গড়ে তোলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘সিলেট সিটি করপোরেশনের আওতায় ওয়ার্ড পর্যায়ে প্রণয়নকৃত আপৎকালীন পরিকল্পনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
সিলেট সিটি করপোরেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি-২)’ আয়োজিত অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় দুর্যোগে ক্ষয়ক্ষতিও বেশি হয়। সিলেট বিশেষ করে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যেহেতু দুর্যোগ প্রতিহত করার ক্ষমতা আমাদের নেই। তাই দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আমাদের পূর্বপ্রস্তুতি প্রয়োজন। সে লক্ষ্যে আমরা প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাসেবক গড়ে তুলেছি।’
সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও সিডিএমপির জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, ‘আমরা সকল মানুষকে দুর্যোগ থেকে নিরাপদে রাখতে চাই। এ জন্য সিলেটসহ সারা দেশে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোজাম্মেল হক, মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) নিকোলিন চাকমা, ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান ও তৌফিক বক্স, ইসলামিক রিলিফ কর্মকর্তা হোসেন শাহীদ আহমদ প্রমুখ।
নিরাপদ পানির পরিকল্পনা কার্যক্রম শুরু: নিরাপদ পানির পরিকল্পনা কার্যক্রমের শুরু উপলক্ষে গতকাল সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা হয়। সিলেট সিটি করপোরেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মশালার আয়োজন করে। সিটি করপোরেশনের মেয়র কর্মশালার উদ্বোধন করেন।