সিলেটে দেড় লাখ চা-চারা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দেড় লক্ষাধিক চা-গাছের চারা পুড়ে গেছে। গত রোববার রাতে সরকার পরিচালিত ন্যাশনাল টি কোম্পানির অধীন লাক্কাতুরা চা-বাগানের চা-চারা উৎপাদন শাখায় এ ঘটনা ঘটে।লাক্কাতুরা চা-বাগান কর্তৃপক্ষ এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেছে।লাক্কাতুরা চা-বাগানের কর্মকর্তারা জানান, চা-বাগানে নতুন চা-গাছ রোপণের জন্য বছরব্যাপী চারা উৎপাদন করা হয়। লাক্কাতুরায় প্রায় ১৭ একর জায়গাজুড়ে রয়েছে ২৮টি চা-চারা উৎপাদন শাখা। এর মধ্যে ৪ নম্বর শাখার চা-চারাগুলো ছয় মাস বয়সী হওয়ায় সেগুলো বাগানে রোপণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় আগুন দেওয়ার ঘটনা ঘটল।কর্মকর্তারা আরও জানান, ৪ নম্বর শাখায় অপরিপক্ব আরও একাধিক চা-চারার সারি রয়েছে, কিন্তু পুড়েছে শুধু পরিণতগুলো। এতে ধারণা করা হচ্ছে, বাইরের কোনো চক্র শত্রুতাবশত এগুলো পুড়িয়ে দিয়েছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, চা-চারার ১৭টি সারির পুরোটাই পুড়ে গেছে। লাক্কাতুরা চা-বাগানের প্রবীণ পাহারাদার আবদুর রহমান পোড়া চা-চারা দেখিয়ে ক্ষোভের সঙ্গে বলেন, চা-বাগানে শত্রুতাবশত গাছ কেটে নেওয়ার ঘটনা দেখা গেছে, কিন্তু চা-চারায় আগুন দিয়ে এভাবে পুড়িয়ে ফেলার ঘটনা এবারই তিনি প্রথম দেখলেন।লাক্কাতুরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক (ভূমি) জাফর চৌধুরী বলেন, চা-চারায় আগুন দেওয়ার ঘটনা প্রথম ঘটল। তিনি জানান, পরিণত বয়সের দেড় লাখ চা-চারা পোড়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।জাফর চৌধুরী বলেন, শত্রুতাবশত আগুন দেওয়ার এই প্রবণতা তাঁদের কাছে বড় উদ্বেগের বিষয়। কারা, কেন আগুন দিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চা-চারা উৎপাদন শাখা সাধারণত উন্মুক্ত থাকে। এ জায়গায় গরু চরানো নিয়ে আশপাশের এলাকার লোকজনের সঙ্গে বিরোধ লেগে থাকে। এ বিরোধ থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।বাগানের কর্মকর্তারা জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহজনক দুজন ব্যক্তির নাম উল্লেখ করে পুলিশকে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চা-বাগানের পাশের একটি এলাকার লোকজনের গরু চরাতে বাগান কর্তৃপক্ষ বাধা দেওয়ায় আক্রোশবশত এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।