সিলেটে দোকান ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানপাট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। পরে র্যাব ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রতক্ষ্যদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে গতকাল সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে র্যাব ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের জরুরি সভায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজু ও সৌমিত্র দুই পক্ষের সংঘর্ষে ১২ জন নেতা-কর্মী আহত হন। এ সময় ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও এর সামনের কয়েকটি দোকান ভাঙচুর করেন।