সিলেটে দ্বিগুণ রিকশাভাড়া
ঈদের আমেজ এখনো কাটেনি। শহর ফাঁকা। রিকশার সংখ্যাও কম। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু রিকশাচালক। যাত্রীদের কাছ থেকে তাঁরা হাতিয়ে নিচ্ছেন দ্বিগুণ-তিন গুণ ভাড়া।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, পাঠানটোলা, সুবিদবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, কদমতলীসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশার সংখ্যা খুবই কম।
কয়েকজন রিকশাচালক জানান, অধিকাংশ রিকশাচালক সিলেটের বাইরের। তাঁরা ঈদ করে এখনো ফিরে আসেননি। এ অবস্থায় যেসব চালক রয়ে গেছেন, তাঁরা মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন।
রিকশাযাত্রীদের অভিযোগ, কোনো রিকশাভাড়া নীতিমালা না থাকায় রিকশাচালকেরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত টাকা নিচ্ছেন। অনেকটা জিম্মি করে তাঁরা দ্বিগুণ-তিন গুণ ভাড়া নিচ্ছেন।
গতকাল বেলা দেড়টার দিকে বাগবাড়ি এলাকা থেকে জিন্দাবাজার এলাকায় আসেন গৃহিণী ইসমত আরা। তাঁকে ভাড়া গুনতে হয় ৫০ টাকা। ক্ষুব্ধ ইসমত বলেন, ‘২০ টাকার স্থলে ৫০ টাকা দিতে হয়েছে। রিকশার অভাবে আড়াই গুণ ভাড়া গুনতে হয়েছে।’
তবে বালুচর এলাকার রিকশাচালক খায়রুল মিয়ার দাবি, ভাড়া বেশি নয়। ঈদের সালামি হিসেবেই এই কদিন অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে অনুরোধ করে রাখা হচ্ছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ইতিমধ্যে নগরে রিকশাভাড়া-সংক্রান্ত একটি নীতিমালা পাস হয়েছে। শিগগিরই বিভিন্ন মোড়ে সেটি বোর্ড আকারে সাঁটিয়ে দেওয়া হবে। এটি হয়ে গেলে নগরবাসীকে এমন দুর্ভোগে আর পড়তে হবে না।