সিলেটে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তবর্তী স্থান থেকে ধরা পড়া বিরল চিতা বিড়াল। পরে সেটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয় l প্রথম আলো
সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তবর্তী স্থান থেকে ধরা পড়া বিরল চিতা বিড়াল। পরে সেটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয় l প্রথম আলো

সিলেটের কানাইঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় গত বুধবার বিরল প্রজাতির একটি চিতা বিড়াল ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় বন বিভাগ থেকে ওই চিতা বিড়ালটি মৌলভীবাজারে সিলেট বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।
কানাইঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় শীতের মৌসুম শুরুর সময় বাঘসহ নানা রকম বন্য প্রাণীর উপদ্রব শুরু হয়। এসব বন্য প্রাণী হত্যা না করে বরং জীবিত অবস্থায় ধরে বন বিভাগে সোপর্দ করতে কানাইঘাটের সীমান্ত এলাকার গ্রামগুলোতে গঠন করা হয়েছে ‘বাঘ কেওড় কমিটি’।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে কানাইঘাটের বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারের (নম্বর ১৩২৬) পাশে ঘুরছিল চিতা বিড়ালটি। গ্রামবাসী সেটিকে চিতা বাঘের বাচ্চা ভেবে মেরে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে কানাইঘাট বন বিট কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি ওই এলাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা ‘কেওড়’ (জালের ফাঁদ) দিয়ে অক্ষত অবস্থায় সেটিকে ধরার আহ্বান জানান। পরে সন্ধ্যায় চিতা বিড়ালটি ধরে খাঁচায় রাখা হয়।

বন বিভাগের টাউন রেঞ্জার দেলোয়ার রহমান বলেন, চিতা বিড়াল ধরার পর এটি কী প্রাণী, তা শনাক্ত করা যাচ্ছিল না। গতকাল সকালে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একদল বিশেষজ্ঞ এসে সেটিকে বিরল প্রজাতির চিতা বিড়াল বলে শনাক্ত করেন। প্রাণীটির উচ্চতা ১ ফুট ৩ ইঞ্চি, ওজন ১ কেজি ৫০০ গ্রাম।

বাংলাদেশে বিলুপ্তপ্রায় এ প্রাণী সিলেট অঞ্চলে প্রথম ধরা পড়েছে বলে নিশ্চিত হয়ে গতকাল দুপুর ১২টার দিকে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আর এস এম মনিরুল ইসলাম এটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ডিএফও বলেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকেও জানানো হয়েছে, এটিই সিলেটে প্রথম দেখা বিরল চিতা বিড়াল। পরিচর্যার পর এটি অবমুক্ত করা হবে।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর একই জায়গা থেকে গ্রামবাসী কেওড় দিয়ে ব্ল্যাক প্যান্থার প্রজাতির বিরল কালো বাঘ ধরেছিলেন। এ ঘটনার পর ‘কেওড়’ দিয়ে বন্য প্রাণী রক্ষায় এই তৎপরতা নিয়ে ৩০ অক্টোবর ‘বাঘের মায়ায় এককাট্টা’ শিরোনামে প্রথম আলোয় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।