সিলেটে ধরাশায়ী আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের ১২ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছয়টিতে জয়লাভ করলেও সিলেট জেলায় পেয়েছে মাত্র একটি। জেলার ছয় উপজেলার মধ্যে যে উপজেলাটি দলীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছিল, সেটি ছাড়া আর একটিতেও জয় পায়নি দলটি।

গত বুধবার সিলেট বিভাগের চার জেলার ১২টি উপজেলায় নির্বাচন হয়। এর মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ, হবিগঞ্জের বাহুবল, মৌলভীবাজারের কুলাউড়া, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। বাকি ছয়টির মধ্যে বিএনপি চারটি ও জামায়াত দুটি উপজেলায় জয়ী হয়েছে।
সিলেট জেলার ছয়টি উপজেলার মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। ২০০৯ সালের জিতেছিল তিনটিতে। জামায়াত সেবার একটিতে জয় পেলেও এবার দুটিতে জয়লাভ করেছে। আর বিএনপি দুটি থেকে এবার তিনটিতে জয়লাভ করেছে।

সিলেট জেলায় জামায়াত-বিএনপির কাছে আওয়ামী লীগের হারার প্রথম কারণ প্রার্থী বাছাইয়ের ভুলকে দায়ী করছেন সাধারণ কর্মীরা। যে কোম্পানীগঞ্জ উপজেলা দিয়ে দলের মুখ রক্ষা হয়েছে, সেটিকে দলীয় সমর্থনের বাইরে রাখা হয়েছিল। জৈন্তাপুরে জামায়াত প্রার্থীকে বিএনপি সমর্থন দিলেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন দুজন। দল যাকে সমর্থন দিয়েছিল, দেখা গেছে—তিনি তৃতীয় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ কামাল আহমদ।
বিশ্বনাথে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর আবেগ কাজে লাগিয়েছেন বিএনপির প্রার্থী। জকিগঞ্জ ও গোয়াইনঘাটে বিএনপি সমর্থিত প্রার্থীর তুলনায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরিচিতি তুলনামূলক কম ছিল। গোলাপগঞ্জে জামায়াত শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপিকেও হারিয়েছে। সেখানে আওয়ামী লীগের দুজন, বিএনপির তিনজন প্রার্থী হয়েছিলেন।

জেলায় আওয়ামী লীগ ধরাশায়ী হয়েছে মানতে নারাজ সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আপাত দৃষ্টিতে আমরা বিজয়টা প্রার্থী দিয়ে নয়, সব দলের অংশগ্রহণে একটি সফল নির্বাচন হয়েছে বলেই আমাদের বিজয় হয়েছে।’

বিভাগের চার জেলার তুলনায় সিলেট জেলার ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা মূল্যায়ন করছি। একক ও একাধিক হওয়ায় এমন ফল হয়েছে।’ অন্য ফলাফলে সন্তুোষ প্রকাশ করেছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘মানুষের অবস্থান এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। এ মনোভাবের প্রতিফলন হওয়ায় আমরা সন্তুষ্ট।’