সিলেটে নকল খাওয়ার স্যালাইন কারখানা, এমডিসহ গ্রেপ্তার ২
লবণের সঙ্গে স্যাকারিন মিশিয়ে তৈরি করা খাওয়ার স্যালাইন ও টেস্টি স্যালাইন, উপকরণ ও যন্ত্র জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (সিটিএসবি)। ওরস্যালাইনের নকল মোড়কে বাজারজাতের প্রস্তুতিকালে গতকাল রোববার ভোরে এগুলো জব্দ করা হয়। এ সময় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ব্যবস্থাপককে আটক করা হয়। সিলেটের সিভিল সার্জন কামরুল ইসলাম বলেন, ‘সাধারণত হাতে তৈরি স্যালাইনের উপকরণগুলোও মোটামুটি সবারই জানা। স্যালাইন তৈরির উপকরণ হিসেবে লবণ ও স্যাকারিন হতে পারে না। এটা প্রতারণা, তৈরি স্যালাইনের কোনো ফর্মুলার মধ্যেই পড়ে না। বরং এসব খেলে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হবে। স্যাকারিন ও লবণের পরিমাণ বেশি থাকলে কিডনিতে সমস্যা ও শরীরে পানি জমে যাওয়ার আশঙ্কা থাকবে।’
পুলিশ জানায়, জালালাবাদ থানা এলাকার মইয়ারচরে অভিযান চালিয়ে ‘বায়ো-ন্যাচারাল ফুড-সিলেট’ নামের ওই প্রতিষ্ঠানের এমডি আলী আহম্মদ (২৯) ও ব্যবস্থাপক মামুন আহমদকে (২৫) কারখানা থেকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে ওই কারখানা স্থাপন করে প্রতারক চক্র গ্রামের হাট-বাজারগুলোতে তাদের তৈরি ‘স্যালাইন’ বাজারজাত করা শুরু করে। বাজারের চাহিদা সংগ্রহ করে সাম্প্রতিক তৎপরতার খবর গোপন সূত্রের মাধ্যমে পেয়ে গতকাল সকাল সাতটায় সিটিএসবির একটি দল অভিযানে যায়।
পুলিশ জানায়, ওরস্যালাইনের মোড়কে ৫০ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ২৫ হাজার প্যাকেট টেস্টি স্যালাইন এবং তিন লাখ প্যাকেট তৈরির উপকরণ ফুয়েল পেপার উদ্ধার করা হয়। লবণ ও স্যাকারিনের প্যাকেটও উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার সরকার ওমর ফারুক জানান, লবণ ও স্যাকারিন দিয়ে স্যালাইন তৈরি করার বিষয়টি জিজ্ঞাসাবাদে এমডি ও ব্যবস্থাপক স্বীকার করেছেন। ছয়টি যন্ত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় গতকালই প্রতারণার অভিযোগে জালালাবাদ থানায় মামলা করা হয়। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপকমিশনার রোকনউদ্দিন বলেন, ‘খাদ্যসামগ্রীর পাশাপাশি জীবনরক্ষাকারী ওষুধ নিয়ে যখন ভেজাল হয়, তখন সবার জন্য বিষয়টি উদ্বেগের। আমরা এ তৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নকল ওষুধপত্র তথা স্যালাইন চেনাতে জনসচেতনতায় প্রদর্শনীর ব্যবস্থাও করব।’