সিলেটে নদীভাঙনের কবলে পাঁচ গ্রাম
সিলেটের সদর ও দক্ষিণ সুরমা উপজেলার সুরমা নদীতীরবর্তী পাঁচটি গ্রামের অন্তত দুই কিলোমিটার এলাকা তীব্র ভাঙনের কবলে পড়েছে। এর ফলে ফসলি জমিসহ গ্রামের রাস্তাগুলোও হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নতুন করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সবজিখেত।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, গত কয়েক বছরের টানা নদীভাঙনে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ, কানিশাইল (একাংশ), অনন্তপুর এবং দক্ষিণ সুরমা উপজেলার সদারখলা ও কানুয়া গ্রামের নদীতীরবর্তী ফসলি জমি ও বিভিন্ন রাস্তা নদীভাঙনের কবলে পড়েছে। বিশেষ করে ইনাতাবাদ গ্রামে ভাঙন তীব্র হওয়ায় গ্রামের রাস্তাটি হুমকির মুখে রয়েছে। ভাঙতে ভাঙতে নদী এখন এই রাস্তা থেকে ৫০ গজের মধ্যে চলে এসেছে।
সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সবজিচাষি মঈনুল ইসলাম (২৮) জানান, তাঁর পুঁইশাকের খেতটি একটু একটু করে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটি চলতে থাকলে দু-এক বছরের মধ্যে পুরো খেত নদীগর্ভে চলে যাবে। ইনাতাবাদ এলাকার স্থানীয় ব্যবসায়ী ফরহাদ আলম বলেন, প্রতিদিনই নদী ভাঙছে। প্রথমে নদীর তীর ভেঙেছে; এরপর সবজিসহ ফসলি খেত। এখন গ্রামের রাস্তাটি হুমকির মুখে পড়েছে।
নদীভাঙনের শিকার পাঁচটি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, তিন বছর ধরে নদীভাঙন তীব্র রূপ পেয়েছে। এটি স্থানীয় জনপ্রতিনিধিসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা অবহিত থাকলেও ভাঙন ঠেকানোর কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করছেন না। এর মধ্যে বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় ভুক্তভোগীরা খুবই আতঙ্কে রয়েছেন। ফসলি জমির পর ঘরবাড়ি নদীভাঙনের কবলে পড়ার আশঙ্কা করছেন এসব বাসিন্দা।
পাঁচ গ্রামের ভাঙনের কথা স্বীকার করে পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, তাই চলতি বছর ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তবে বর্ষা মৌসুম শেষ হয়ে গেলে এসব গ্রামের তীর সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।