সিলেটে নাটক 'ঈর্ষা' মঞ্চায়িত

প্রয়াত লেখক সৈয়দ শামসুল হক রচিত ঈর্ষা নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করল সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে ঢাকার ‘প্রাঙ্গণেমোর’ নাট্যসংগঠন নাটকটি মঞ্চায়ন করে। এটি নির্দেশনা দেন অনন্ত হিরা।
সন্ধ্যা সোয়া ছয়টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রাক্তন প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর, বর্তমান প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সভাপতি মিশফাক আহমদ ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। এরপর সৈয়দ হককে নিয়ে অনন্ত হিরা নির্মিত ১২ মিনিট ব্যাপ্তির মহর ঝরা সোনার কলমওয়ালা একজন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সাড়ে ছয়টায় শুরু হয় ঈর্ষা নাটক। এতে অভিনয় করেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও রাজু। এক ঘণ্টা ৪০ মিনিট ব্যাপ্তির এই নাটকের কাহিনি রচিত হয়েছে প্রবীণ এক চিত্রশিল্পীর এক তরুণীর প্রেমে পড়ার বিষয় নিয়ে। ছবি আঁকতে গিয়ে তরুণীটির সঙ্গে শিল্পীর পরিচয়। সেই সূত্র ধরেই শিল্পীর প্রেম আর টানাপোড়েনের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়।