সিলেটে নাট্যোৎসব শুরু, বরিশালে হয়ে গেল ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হয়েছে ছয় দিনব্যাপী একুশের চেতনায় নাট্যোৎসব। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব শিমূল ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বরিশালে বর্ণিল আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব।
কবি নজরুল মিলনায়তনের মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ‘মানবিক বোধে হোক প্রতিরোধে সন্ত্রাস নির্মূল’ শীর্ষক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বের ফাঁকে প্রবীণ নাট্যকর্মী সুনির্মল কুমার দেব মীন, রাবেয়া খাতুন ও মমতাজ বখতকে ‘নাট্যজন-সম্মাননা’ দেওয়া হয়।
সন্ধ্যা সাতটায় কথাকলি সিলেট পরিবেশন করে কোর্ট মার্শাল নাটক। এস এম সোলায়মানের রূপান্তরিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আমিনুল ইসলাম। আজ শনিবার নান্দিক নাট্যদল পরিবেশন করবে বাসন নাটক। সেলিম আল দীন রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন মনতোষ হাজরা।
গতকাল বিকেল সোয়া চারটায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হয় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। হরেক রকম ঘুড়ি আকাশে উড়তে দেখে বঙ্গবন্ধু উদ্যানে উপস্থিত শিশু-কিশোরেরা আনন্দে দৌড়ঝাঁপ শুরু করে। কেউ কেউ আবার একজনের হাতের ঘুড়ি নিয়ে ওড়ানোর চেষ্টা করে। একনাগাড়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী হয় অমিতাভ গোস্বামী, মেহেদী হাসান আরমান, মো. রাসেল হাওলাদার। পরে তাদের পুরস্কৃত করা হয়।