সিলেটে নারী মুক্তিযোদ্ধা খুনের ঘটনায় গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী খুন হওয়ার ঘটনায় তাঁর বাসার এক গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ বলেছে, সুজিনা বেগম (২০) নামের ওই গৃহকর্মীর কাছ থেকে ইতিমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, আনোয়ারার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন সিলেটের ওসমানীনগরের ইব্রাহিমপুরের বাসিন্দা সুজিনা বেগম। আনোয়ারা খুন হওয়ার পর তাঁকে ওই বাড়িতে না পেয়ে তারা তাঁর খোঁজ নেয়। পরে ওসমানীনগর থানার পুলিশ সুজিনার খোঁজ পেয়ে তাঁকে কোতোয়ালি থানায় নিয়ে আসে।পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুজিনা পুলিশকে জানান, তিনি ছয় মাস আনোয়ারার বাসায় কাজ করেছেন। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জেনে আনোয়ারা তাঁকে জালালাবাদ গ্যাস ভবনে অস্থায়ী ভিত্তিতে একটি চাকরি জোগাড় করে দিতে চেয়েছিলেন। এ জন্য কয়েক দিন তিনি তাঁকে ওই অফিসে নিয়ে যান। চাকরি হতে বিলম্ব হবে বলে গত নভেম্বর মাসের শুরুতে আনোয়ারা নিজেই সুজিনাকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন। চাকরির ব্যবস্থা হলে আবার যোগাযোগ করবেন বলে তাঁকে আনোয়ারা জানিয়ে দেন। সুজিনা জানিয়েছেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কয়েকজন কর্মকর্তা প্রায়ই আনোয়ারার বাসায় আসতেন। তিনি তাঁদের নাম জানেন না। তবে দেখলে চিনতে পারবেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, সুজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় রাখা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা আবেদীন চৌধুরীর অর্ধগলিত লাশ সিলেট নগরের লামাবাজার পুলেরপাড় এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ।