সিলেটে নারী সংগঠক খুনের ঘটনায় এক ব্যক্তির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গৃহকর্মীসহ নারী সংগঠক শাহিদা আক্তার হত্যার ঘটনায় করা মামলায় আবদুল মালেক নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় শোনার সময় মালেক আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন। রায় শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে সেখান থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়। মালেকের (৩২) বাড়ি নগরের শিবগঞ্জ খরাদিপাড়ার আনন্দ আবাসিক এলাকায়। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবদুল খালিক। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।গত বছর ২৮ ফেব্রুয়ারি রাতে নগরের শিবগঞ্জের খরাদিপাড়ার নিজ বাসা থেকে শাহিদা আক্তার (৩০) ও তাঁর গৃহকর্মী মমতা বেগমের (১৭) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহিদার মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে খুনি শনাক্ত করেন। হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর খুনের আলামতসহ একই এলাকার সবজি ব্যবসায়ী মালেককে গ্রেপ্তার করা হয়। পরে মালেক খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত বছর ২৫ মার্চ মালেককে একমাত্র আসামি দেখিয়ে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গগ ১৫ নভেম্বর এ মামলার শুনানি শুরু হয়। ২৬ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মালেককে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।