সিলেটে নার্সিং ইনস্টিটিউটে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নার্সিং ইনস্টিটিউটের প্রিয়াঙ্কা দে (২০) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।নার্সিং ইনস্টিটিউট সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে নয়টায় প্রিয়াঙ্কাকে ছাত্রীনিবাসের নিজ কক্ষের বিছানা থেকে অচেতন অবস্থায় দেখে সহপাঠীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের গৌতম চন্দ্র দের মেয়ে প্রিয়াঙ্কা ২০১০ সালের জানুয়ারিতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বিভাগে ভর্তি হন। ওই সময় থেকে তিনি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের তৃতীয় তলার ২৩ নম্বর কক্ষে বসবাস করছিলেন।সহপাঠীরা জানান, শুক্রবার রাতে প্রিয়াঙ্কা তাঁর সহপাঠীদের নিয়ে ছাত্রীনিবাসের টিভি কক্ষে টিভি দেখছিলেন। একপর্যায়ে টিভি দেখা থেকে কাউকে কিছু না বলে তিনি ছাত্রীনিবাসে নিজ কক্ষে চলে যান। রাত নয়টায় তাঁর অপর চারজন রুমমেট হাসনা হেনা, আমেনা, সালমা ও কুহিনুর টিভি দেখা শেষ করে কক্ষে এলে বাইরে থেকে দরজা বন্ধ দেখে প্রিয়াঙ্কাকে ডাকাডাকি করেন। ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে ছাত্রীরা ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কক্ষের ভেতরে দেখেন, প্রিয়াঙ্কার দেহ মেঝেতে পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি হোম সিস্টারসহ অন্যদের জানালে দরজা ভেঙে প্রিয়াঙ্কাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছাত্রীনিবাসের হোম সিস্টার (তত্ত্বাবধায়ক) আকলিমা বেগম জানান, প্রিয়াঙ্কার কক্ষের মেঝেতে একটি ইনজেকশনের সিরিঞ্জ ও ইনজেকশনের একটি খালি কৌটা পাওয়া যায়। তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলে বিষয়টি কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়েছে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করেছে। এ ঘটনায় গতকাল শনিবার নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। গতকাল প্রিয়াঙ্কার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হওয়ায় এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশকে এ ব্যাপারে খতিয়ে দেখতে বলব।’