সিলেটে নিখোঁজের পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বুধবার ডোবায় মিলল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাহিন রাজ্জাক মামুনের (২৪) লাশ। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে গত মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।

মামুন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাবা 

আবদুর রাজ্জাক বেসরকারি নর্থইস্ট মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক। আর মা হোসনে আরা বেগম ওই মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক। সিলেট নগরের রিকাবিবাজার এলাকার বাসিন্দা এই চিকিৎসক দম্পতির বাড়ি সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকায়।

সিলেট রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-সিলেট রেললাইনের পাশের একটি ডোবায় দুপুর ১২টার দিকে মামুনের লাশটি পাওয়া যায়। তাঁর মাথা, ঘাড় ও পায়ের গোড়ালিতে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মামুনের মামা কালাম হোসেন সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার সকালে বের হওয়ার পর থেকে মামুনকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। গতকাল দুপুরের দিকে হাসপাতাল থেকে খবর পেয়ে তিনি লাশ শনাক্ত করেন। তবে কী কারণে এ ঘটনা, সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না তিনি।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, মামুন ইইই বিভাগের একজন অনিয়মিত ছাত্র। প্রায় দেড় বছর ধরে তিনি অনিয়মিত। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় করা অনিয়মিত শিক্ষার্থীদের তালিকায় তাঁর নাম রয়েছে।

তবে এ ব্যাপারে মামুনের পরিবারের সদস্যরা কিছু বলতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, অনিয়মিত ছাত্রছাত্রীদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার পরপরই।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন মাইজগাঁওয়ের বাসিন্দা পরিচয় দিয়ে মামুনের লাশ জরুরি বিভাগে রেখে যান। ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। দুই পায়ের গোড়ালিতে রগ কাটার মতো জখমও দেখা গেছে। তবে এ ব্যাপারে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) দেবপদ রায়। তিনি শুধু বলেন, হাসপাতালে আনার আগেই মামুন মারা গেছেন বলে চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন।

একই হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মামুনের পকেটে বুধবার সকালে মাঁইজগাও থেকে কুলাউড়া স্টেশনে যাওয়ার কালনি ট্রেনের টিকিট রয়েছে। কিন্তু রেললাইন থেকে যে দূরত্বে তাঁর লাশ পাওয়া গেছে, সেখানে ট্রেন থেকে পড়ে নিহত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটে কর্তব্যরত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাসের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মামুন কোথায় থাকতেন সেটাই বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে হয়তো তাঁর মৃত্যুর রহস্য উদ্ধার সম্ভব হবে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, এটি হত্যা কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশের খবর দেওয়া স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট জিআরপি থানায় খোঁজ-খবর করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।