সিলেটে নিখোঁজ আইনজীবীর ছেলেও এবার ‘নিখোঁজ’!
সিলেট জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরীর (৯১) নিখোঁজ হওয়ার ২৩ দিনের মাথায় ছোট ছেলে মশহুদ চৌধুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবার পর ছেলের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আইনজীবীর বড় ছেলে মাহমুদ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দিবাগত রাতে নগরের মিরবক্সটুলার নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি শামসুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় নিখোঁজ শামসুলের ছোট ছেলে মশহুদ চৌধুরী পরদিন সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশকে অবহিত করেন। এরপর বিভিন্ন জায়গায় বাবাকে খোঁজাখুঁজি করতে গিয়ে মশহুদ চৌধুরীও নিখোঁজ হন। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মাহমুদ চৌধুরী থানায় একটি লিখিত এজাহারের মাধ্যমে বাবার পর ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবহিত করেন।পুলিশ জানায়, মাহমুদ এজাহারে তাঁর বাবা শামসুল ইসলাম চৌধুরীর নিখোঁজের পর থেকে ভাই মশহুদের ভূমিকা রহস্যজনক ছিল বলে উল্লেখ করেন। প্রায় ৪০ বছর আগে তাঁর বাবার সঙ্গে মায়ের সম্পর্ক ছিন্ন হয়। এরপর বাবার কাছেই তাঁরা বড় হন। পরিবারে তাঁরা চার বোন ও দুই ভাই। চার বোনই বর্তমানে বিবাহিত। মশহুদ উচ্ছৃঙ্খল স্বভাবের হওয়ায় বাসায় কোনো কাজের লোক থাকতে পারেনি। মারধর করে তাদের বিদায় করে দিতেন। পরিবারের অমতে বিয়ে করায় মশহুদের ওপর বাবাসহ পরিবারের সবাই অসন্তুষ্ট ছিলেন।মাহমুদ জানান, তাঁর বাবা নিখোঁজ হওয়ার পেছনে ছোট ভাই মশহুদের কোনো হাত আছে কি না এবং বর্তমানে তাঁরও খোঁজ না পাওয়ায় দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, এ ব্যাপারে তাঁরা পারিবারিকভাবে পুলিশ বিভাগের সহায়তা চেয়েছেন। বাবার পর ছেলের ‘নিখোঁজ’ হওয়ার বিষয়টি রহস্যজনক জানিয়ে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, নিখোঁজ শামসুল চৌধুরীর বড় ছেলে একটি এজাহার দিয়েছেন। এজাহারকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এখন বাবা ও ছেলের সন্ধানে খোঁজখবর নিচ্ছে।সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য শামসুল ইসলাম চৌধুরী নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ জুলাই কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে নিখোঁজ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছিল।