সিলেটে নিহত যুবকের পরিচয় মিলেছে, শ্বশুরসহ আটক ৯
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় ডালুয়া বিলের পাশ থেকে গত সোমবার উদ্ধার করা মস্তকবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সোহেল আহমদ (২৪)। তাঁর বাড়ি নগরের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকায়। তবে সোহেলের বিচ্ছিন্ন মস্তক গতকাল রাত আটটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাঁর শ্বশুরসহ নয়জনকে আটক করেছে।গতকাল মঙ্গলবার সোহেলের বাবা জয়নাল আবেদীন হাসপাতালের মর্গে গিয়ে সোহেলের লাশ শনাক্ত করেন। জয়নাল আবেদীন বলেন, প্রায় ছয় মাস আগে সোহেল তাঁদের না জানিয়ে কান্দিগাঁওয়ের এক মেয়েকে বিয়ে করেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। তারা সন্দেহ করছেন, দাম্পত্য কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজনই সোহেলকে হত্যা করেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কান্দিগাঁওয়ের বাসিন্দা সোহেলের শ্বশুর মনফর আলী ওরফে মনু মিয়া, তাঁর ছেলে নুনু মিয়া, বতুউল্লাহ, তেরাব আলী, তাজউল্লাহ, আমির আলী, তাজুল মিয়া, প্রতিবেশী কামাল হোসেন ও কাজল মিয়াকে আটক করেছে।