সিলেটে পটকা খেয়ে অসুস্থ আরও একজনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে উপজেলায় জলজ প্রাণী পটকা খেয়ে অসুস্থ শফাতুন নেছা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি তোবাং গ্রামের ওমর আলীর স্ত্রী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।
গতকাল মঙ্গলবার সিলেটের জৈন্তাপুরে জলজ প্রাণী পটকা খেয়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আবদুছ সবুর মিঞা প্রথম আলোকে জানান, ওই নারীর স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোররাতে এ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পটকার তরকারি খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন। এঁদের চিকিৎসায় তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।
পটকার বিষক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পটকা মাছ নয়, একধরনের জলজ প্রাণী। মাছের সঙ্গে এটি ধরা পড়ে বলে পটকাকে ‘ফুটকোনা মাছ’ অথবা ‘বেলুন মাছ’ বলে ডাকা হয়। পটকার মাথার দুই পাশে গ্রন্থিতে বিষ থাকে। খাওয়ার পর বিষক্রিয়ায় অসুস্থতা থেকে মৃত্যুর ঘটনা ঘটে।
জৈন্তাপুরে পটকা খেয়ে মারা যাওয়ার খবর পেয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে জৈন্তাপুরসহ আশপাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি বলেন, পটকা না খেতে গ্রাম এলাকায় সচেতনতামূলক প্রচার চালাতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সিলেটে পটকা খেয়ে পাঁচজনের মৃত্যু