সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু
‘রোটারেক্ট সপ্তাহ-২০১৫’ উপলক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ক্লাব সিলেটে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। গতকাল সোমবার এ অভিযানের প্রথম দিনে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্ন করে।
রোটারেক্ট ক্লাব সকাল ১০টায় নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সাংসদ কেয়া চৌধুরী তরুণদের সঙ্গে ঝাড়ু হাতে শহীদ মিনার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ অভিযানে প্রাঙ্গণটি আবর্জনামুক্ত হয়।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও রোটারেক্ট সপ্তাহ পালন চলছে। সিলেটে ১৪ মার্চ আন্তর্জাতিক নদী দিবসে নদীর বর্জ্য পরিষ্কার করার মধ্য দিয়ে এ অভিযানের সমাপ্তি ঘটবে।