মাইক্রোবাসের চালক ও সহকারী খুনের ঘটনায় এখনো কোনো ঘাতক গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে আজ সোমবার সিলেট জেলায় দিনব্যাপী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরিবহন-শ্রমিকেরা জানান, ২৬ এপ্রিল সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকার স্ট্যান্ড থেকে রাজধানীর মিরপুরে যাওয়ার কথা বলে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি মাইক্রোবাস ভাড়া নেন। পরদিন ২৭ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে গাজীপুরের শ্রীপুর থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনে কয়েকজন পরিবহন-শ্রমিক গাজীপুরে যান। সেখানে গিয়ে তাঁরা চালক মঞ্জু ও তাঁর সহকারী মুমিনের লাশ শনাক্ত করেন।ঘটনার পর থেকে ঘাতকদের গ্রেপ্তার ও মাইক্রোবাস উদ্ধারের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকেরা মিছিল-সমাবেশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দেন। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ বলেন, পুলিশ আন্তরিক হলে এত দিনে ঘাতকদের গ্রেপ্তার ও মাইক্রোবাস উদ্ধার করা যেত। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে কোনো সুফল না পাওয়ায় তাঁরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।