সিলেটে পরিবহন ধর্মঘট ৮ ঘণ্টা পর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট আট ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই ধর্মঘট চলে।

বেলা একটার দিকে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহন শ্রমিক সংগঠনের নেতা, পুলিশ ও জেলা প্রশাসন বৈঠকে বসে। পরে বেলা দুইটার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিন পরিবহন শ্রমিকের মুক্তির আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে শাহ রিপন আহমদ জানান, আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

নগরের মহাজনপট্টি এলাকায় তিন পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পরে বাস-ট্রাক চলাচলও বন্ধ করা হয়। আচমকা ডাকা এ ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ি না পেয়ে ফিরে চলে যান। আবার অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দেন।

আট ঘণ্টার ধর্মঘটে সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করেন পরিবহন শ্রমিকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করতে দেখা যায়।