সিলেটে পরিবহন ধর্মঘটও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার একটি পেট্রলপাম্পে হামলা ও লুটপাটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়ার পর দুই পক্ষই এখন ধর্মঘট কর্মসূচি থেকে সরে গেছে।
গত সোমবার রাতে পেট্রলপাম্পে হামলার ঘটনায় মামলা না নেওয়ায় ধর্মঘট আহ্বান করেছিল সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পুলিশ মামলা গ্রহণ করলে পরের দিন মঙ্গলবার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এরপর পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। পেট্রলপাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং তাদের (পেট্রলপাম্প কর্তৃপক্ষ) করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার থেকে লাগাতার এ ধর্মঘট পালনের কথা ছিল।
জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল হক বলেন, ‘আমরা দুটি দাবিতে ধর্মঘট আহ্বান করেছিলাম। মিথ্যা মামলা প্রত্যাহার ও আমাদের দেওয়া মামলা গ্রহণ। একটি দাবি পূরণ হওয়ায় (মামলা গ্রহণ) ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন পরিবহন নেতাকে অকারণেই মামলায় আসামি করা হয়েছে। হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মালিক ও শ্রমিক সংগঠন লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল।
দুই পক্ষের মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগে কাউকেই পুলিশ অযথা হয়রানি করবে না।