সিলেটে পরিবহন ধর্মঘটে দিনভর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল বুধবার ছয় দফা দাবিতে শ্রমিকেরা পরিবহন ধর্মঘট পালন করায় দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছিল। বিকেলে এক সমাবেশের মধ্য দিয়ে ধর্মঘট শেষ হলে সন্ধ্যার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ সাংবাদিকদের জানান, সিলেটে দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধ, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ ছয় দফা দাবিতে সিলেট শহর ও আশপাশের এলাকায় এ ধর্মঘট পালিত হয়।
হঠাৎ ধর্মঘটের কারণে সকালে বের হওয়া শহরের বিভিন্ন রুটের যাত্রীদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। কালীবাড়ি এলাকার বাসিন্দা স্বাগতা দাশ সকাল নয়টায় বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে ধর্মঘটের বিষয়টি জানতে পারি। এভাবে হুটহাট ধর্মঘটের কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সিএনজি না পেয়ে রিকশা নিয়েই রওনা হচ্ছি।’
ধর্মঘট চলাকালে বেলা তিনটার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। সেখানে শ্রমিকদের ছয় দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সড়ক দুর্ঘটনার জন্য চালকদের একা দায়ী করলে হবে না। দুর্ঘটনা রোধ করতে চাইলে রাস্তা থেকে অবৈধ হাট উচ্ছেদ করতে হবে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। পুলিশের হাতে শ্রমিকেরা প্রায়ই অযথা হয়রানির শিকার হন। হাইওয়েতে লাগামহীন ডাকাতির ঘটনা পুলিশ রোধ করতে পারছে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি ছয় দফা দাবি উত্থাপন করে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশ শেষে সন্ধ্যা ছয়টার দিকে ধর্মঘট তুলে নেওয়া হয়।