বিচ্ছিন্ন কিছু পিকেটিং ছাড়া গতকাল মঙ্গলবার সিলেট বিভাগের চার জেলায় শান্তিপূর্ণভাবে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল ছিল বন্ধ। ভোগান্তিতে পড়েন দূরপথের যাত্রীরা। এদিকে রাজশাহী জেলায় আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বিকেল থেকে বিচ্ছিন্নভাবে কিছু গাড়ি ছেড়ে গেছে। দিনব্যাপী কর্মসূচিতে দূরপথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর ও তেলিবাজারসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন পরিবহন শ্রমিকেরা। তবে সেখানে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
রাজশাহীতে নছিমন, করিমন, ভটভটি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলায় জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল নগরের শিরোইল এলাকায় এক বিক্ষোভ সমাবেশ করে এ কর্মসূচির ঘোষণা দেন রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী। তিনি বলেন, আগামীকাল (বুধবার) শুধু রাজশাহীতে ধর্মঘট চলবে। দাবি না মানলে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।
সমাবেশে জানানো হয়, গত ৯ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েক দিন পরই আবারও মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল শুরু করেছে। এ অবস্থায় বাধ্য হয়ে টানা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে হয়েছে।