সিলেটে পর্নো সিডি, রিভলভার উদ্ধার, আটক ২
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে পর্নো ও পাইরেটেড সিডি, রিভলভার ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছেন। গত সোমবার রাতে এসব অভিযান চালানো হয়। র্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে র্যাবের একটি দল ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় উমাতারা ম্যানসনের ‘রাজন ইলেকট্রনিক্স অ্যান্ড অডিও’ এবং আল-গোলাপ শপিং কমপ্লেক্সের ‘বন্ধন ভিসিডি কর্নার’ থেকে এক হাজার ৫০০টি পর্নো ও পাইরেটেড সিডিসহ দুজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের কমলাকলস গ্রামের কৃষ্ণ চন্দ্র মালাকার (১৮) ও সিলেটের ওসমানীনগর থানার ব্রাহ্মণ গ্রামের জয়ন্ত দেব (২১)। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে র্যাবের অপর একটি দল বিশ্বনাথ উপজেলার গড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে বাঁশঝাড়ের ভেতর থেকে একটি রিভলভার উদ্ধার করে। এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে র্যাবের আরেকটি দল গোয়াইনঘাট উপজেলার তাওয়াকুল বাজারের পাশের একটি বাগানে অভিযান চালিয়ে ৪৬ বোতল মদ উদ্ধার করে।উদ্ধার করা সামগ্রী সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।