সিলেটে পলিটেকনিক ছাত্রের ল্যাপটপ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র বাড়ি থেকে ছাত্রাবাসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে ল্যাপটপ ও মুঠোফোন খুইয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ওই ছাত্রের সহপাঠীরা হামলা চালিয়ে পুরাতন রেলস্টেশন এলাকার কয়েকটি অবৈধ স্থাপনা ভাঙচুর করেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পলিটেকনিকের শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, পলিটেকনিকের ছাত্র আল-আমিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কলেজে ফিরছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তিনি পুরাতন রেলস্টেশন এলাকা দিয়ে কলেজ ছাত্রাবাসে যাওয়ার পথে একদল ছিনতাইকারী তাঁর গতি রোধ করে সঙ্গে থাকা ল্যাপটপ, মুঠোফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছাত্রাবাসে ফিরে আল-আমিন ঘটনাটি তাঁর সহপাঠীদের জানালে দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে যান। তাঁরা ছিনতাইকারী দলকে শনাক্ত করতে পুরাতন রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ফিরে যান।