সিলেটে পশুর অবৈধ হাট বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠ ও কয়েদির মাঠে অবৈধ পশুর হাট গুটানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।
গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান দুটি হাট পরিদর্শন করে আজ সোমবারের মধ্যে হাটগুলো গুটানোর নির্দেশ দেন। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদের নির্দেশে শাহি ঈদগাহ খেলার মাঠ দখল করে গত শুক্রবার থেকে কোরবানি পশুর অবৈধ হাট বসে।
উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী সিলেট সদর উপজেলায় কোরবানি পশুর অস্থায়ী তিনটি হাটের মধ্যে শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠে হাট পরিচালনার বৈধতা নেই।
গত শনিবার প্রথম আলোয় ‘খেলার মাঠে পশুর অবৈধ হাট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। একইভাবে সিলেট নগরের চালিবন্দর-মাছিমপুর এলাকায় কয়েদির মাঠ প্রতিবছর কোরবানি পশুর অস্থায়ী হাট হিসেবে সিটি করপোরেশন পরিচালনা করত। এবার ঈদের পরপরই সিলেটে টি-টোয়েন্টি ক্রিকেটের একটি আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা থাকায় নগর সৌন্দর্য রক্ষার স্বার্থে কয়েদির মাঠে হাট ইজারা বাতিল করে। এ সুযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কালাম আহমদ অবৈধ হাট বসান।
অবৈধ হাট উচ্ছেদে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত শনিবার সংবাদ সম্মেলন করেন। তিনি অবৈধ হাট উচ্ছেদে জেলা প্রশাসনকে ম্যাজিস্ট্রেট দিয়ে সহায়তা করার জন্য চিঠিও দেন। গতকাল প্রথম আলোয় ‘সিলেটে পশুর অবৈধ হাট বসিয়েছে ছাত্রলীগ-যুবলীগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এনামুল হাবীব প্রথম আলোকে জানান, অবৈধ হাট উচ্ছেদে সিটি করপোরেশনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের সহায়তা চাওয়া হয়েছিল।
গতকাল ম্যাজিস্ট্রেটসহ হাটে পরিদর্শক দল গিয়ে সোমবারের মধ্যে হাট গুটানোর নির্দেশ দেওয়া হয়। নিজ থেকে হাট না গুটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।