সিলেটে পশুর অবৈধ হাট বসিয়েছে ছাত্রলীগ-যুবলীগ
সিলেটে ঈদের পরপরই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই ম্যাচের জন্য নগর সৌন্দর্য রক্ষার স্বার্থে এবার সিটি করপোরেশন পরিচালনাধীন নগরের কয়েদি মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা বাতিল করা হয়েছে। কিন্তু সেই স্থানেই গতকাল শনিবার সকাল থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা হাট বসিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ট্রাকভর্তি পশু হাটে তুলছেন। হাটের জন্য মাঠের প্রবেশমুখে তৈরি করা হয়েছে তোরণ ও হাট পরিচালনার স্থাপনা। মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কালাম আহমদ মাঠে বসে তদারক করছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ঈদের পরপরই। এই প্রথম সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য নগর পরিচ্ছন্ন রাখতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে করপোরেশন এবার যত্রতত্র কোরবানির পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছড়ারপাড় ও মাছিমপুর এলাকার কয়েদি মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা দরপত্র আহ্বান করেও বাতিল করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকে ওই মাঠে পশুর হাট বসেছে। এরই অংশ হিসেবে মাঠে অস্থায়ী রাস্তা, টয়লেট, খাবারের দোকান বসানো হয়েছে। অভিযোগ রয়েছে, বেশির ভাগ পাইকারকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ট্রাক হাটে নিয়ে আসতে বাধ্য করা হয়েছে।
যশোর থেকে একটি ট্রাকে করে পশু নিয়ে কয়েদি মাঠে আটকা পড়া একজন পাইকার ক্ষোভ প্রকাশ জানান, উপশহর এলাকায় আসামাত্র কিছু তরুণ জিম্মি করে ভয় দেখিয়ে কয়েদি মাঠে নিয়ে এসেছেন। সিলেটের বৃহৎ গরুর বাজার কাজিরবাজারে যেতে না পারায় মুনাফা থেকে তিনি বঞ্চিত হবেন।
রাহাত তরফদারের দাবি, নিজস্ব জায়গায় পশুর হাট বসানো হয়েছে। অর্থমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশন ওই হাট বাতিল করেছে—এ প্রসঙ্গে রাহাত বলেন, এলাকার দাবি, তাই হাট বসানো হয়েছে। প্রয়োজনে হাট শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে।
সিটি করপোরেশনের বাতিল হওয়া স্থানে অবৈধ হাট বসানোর ঘটনায় মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল বিকেলে তাঁর কুমারপাড়ার বাসায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, কয়েদি মাঠে সিটি করপোরেশনের কোনো ধরনের অনুমতি ছাড়া অবৈধ হাট বসানোর খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। তবে পুলিশ হাট উচ্ছেদের ব্যাপারে নিজেদের অসহায়ত্বের কথা তাঁকে শুনিয়েছে।